| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 26-02-2026 ইং
  • 82616 বার পঠিত
একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলা ভাষা ও সাহিত্যচর্চার অন্যতম বৃহৎ আয়োজন অমর একুশে গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১৩ মিনিটে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি মেলার উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি উদ্বোধন স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। রীতি অনুযায়ী সংগীত পরিবেশনের মাধ্যমে মূল আয়োজন শুরু হয়। সংগীতশিল্পী ফেরদৌস আরা-র নেতৃত্বে সুরসপ্তকের শিল্পীরা পরিবেশন করেন কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।

ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের শহীদ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দুপুর ২টায় মঞ্চে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক এবং মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সদ্য পদত্যাগী উপাচার্য নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য মামুন আহমেদসহ কবি, শিল্পী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীসহ অতিথিরা বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এবারের মেলায় অংশ নিচ্ছে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। মোট ইউনিট সংখ্যা এক হাজার ১৮টি। গত বছর অংশ নিয়েছিল ৭০৮টি প্রতিষ্ঠান; ইউনিট ছিল এক হাজার ৮৪টি।

সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় থাকছে লিটল ম্যাগাজিন চত্বর। সেখানে ৮৭টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। শিশুচত্বরে থাকছে ৬৩টি প্রতিষ্ঠান ও ১০৭টি ইউনিট।

ভাষার মাসে বইপ্রেমীদের মিলনমেলায় আবারও প্রাণের সঞ্চার করল অমর একুশে গ্রন্থমেলা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪