নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) একটি অতিরিক্ত গেজেটের মাধ্যমে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন’ গণভোটের ফলাফলের সংশোধিত হিসাব প্রকাশ করেছে।
প্রাথমিক ফলাফলের তুলনায় নতুন গেজেটে ‘হ্যাঁ’ এবং ‘না’—উভয় ভোটের সংখ্যা কমে গেছে। প্রথম প্রকাশিত ফলাফলে ‘হ্যাঁ’ ভোট ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ৬৬০ এবং ‘না’ ভোট ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬। মোট প্রদত্ত ভোট ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩, যার মধ্যে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ ভোট বাতিল হয়েছিল।
সংশোধিত গেজেট অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট কমে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ এবং ‘না’ ভোট দাঁড়িয়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১। মোট ভোটের সংখ্যা কমে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭ এবং বাতিল ভোটের সংখ্যা বেড়ে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬ হয়েছে। বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০ এবং ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫। মোট ভোটের সংখ্যা প্রায় ১০ লাখ ৭৩ হাজার ৬১৬ কমেছে। নির্বাচন কমিশন সংশোধনের নির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও জানিয়েছে, এটি কমিশনের আদেশক্রমেই করা হয়েছে।
এই গণভোটের মাধ্যমে চূড়ান্তভাবে যাচাই করা হবে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা ও জনগণের সম্মতি।