| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নগরবাসীর নিরাপত্তায় নিজেই রাস্তায় নেমেছি: মধ্যরাতে মোহাম্মদপুরে আইজিপি

  • আপডেট টাইম: 27-02-2026 ইং
  • 80267 বার পঠিত
নগরবাসীর নিরাপত্তায় নিজেই রাস্তায় নেমেছি: মধ্যরাতে মোহাম্মদপুরে আইজিপি

নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিনের মাথায় রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখতে মধ্যরাতে রাস্তায় নামলেন মো. আলী হোসেন ফকির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আইজিপি বলেন, “নগরবাসীর নিরাপত্তায় আমি নিজেই রাস্তায় নেমে এসেছি। অপরাধী যেই হোক, তাদের কঠোর হস্তে দমন করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি জানান, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। এ কারণে পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং আইনশৃঙ্খলা জোরদারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সন্ধ্যার পর বিশেষ ব্লক রেইড পরিচালনার মাধ্যমে ছিনতাইকারী ও মাদক সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

আইজিপি স্মৃতিচারণ করে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে ১৯৮৬ সালে এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে জেনেভা ক্যাম্প এলাকায় তিনি নিজেও ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, মোহাম্মদপুর দীর্ঘদিন ধরেই অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এখানে নিম্ন আয়ের মানুষের বসবাসের পাশাপাশি ভাঙারি ও বিভিন্ন অবৈধ ব্যবসার বিস্তার রয়েছে।

রাজধানীর সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ফুটপাত দখলের পর এখন সড়কও দখলের শিকার হচ্ছে, ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে অর্থনীতি ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশ বাহিনীর সক্ষমতা প্রসঙ্গে আইজিপি বলেন, দেশে প্রায় ২০ কোটি মানুষের বিপরীতে পুলিশের সদস্যসংখ্যা মাত্র ২ লাখ ২০ হাজার। আর ঢাকা শহরেই প্রায় ৪ কোটি মানুষের বসবাস। তাই আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের স্বস্তি নিশ্চিত করতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ট্রাফিক বিভাগ পুনর্গঠনের কাজ চলছে বলেও জানান।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে নিজেও রাতে টহলে থাকার ঘোষণা দেন আইজিপি। তিনি বলেন, “আমি রাস্তায় থাকলে সহকর্মীরাও আরও সক্রিয় থাকবে এবং আইন প্রয়োগে কঠোরতা বাড়বে।”

হোয়াইট-কলার অপরাধীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন না করে প্রচলিত আইনের মধ্যেই শক্তি প্রয়োগ করা হবে। কার্যকর পুলিশিংয়ের জন্য বাহিনীর মানসিকতার পরিবর্তন জরুরি উল্লেখ করে তিনি বলেন, পুলিশকে প্রকৃত অর্থে জনসেবক হিসেবে কাজ করতে হবে।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন আইজিপি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪