পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে আবারও পাল্টা হামলা শুরু করেছে আফগানিস্তান। দেশটির খোস্ত প্রদেশের মুখপাত্র মুস্তাগফের গুরবাজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন।
তিনি সংবাদমাধ্যম তোলো নিউজকে জানান, শুক্রবার রাতে পুনরায় প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে।
আফগানিস্তানের এই কর্মকর্তা বলেন, পাকিস্তানের সীমান্তবর্তী জাজি ময়দান, আলী শীর এবং তেরাজি এলাকায় পাকিস্তানি সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
এর আগে গত রোববার ভোরে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। ওই সময় আফগানিস্তান সরকার জানিয়েছিল, তারা উপযুক্ত সময়ে এর জবাব দেবে। সেই ঘোষণার পর বৃহস্পতিবার রাতে পাকিস্তানি সেনাদের ওপর আকস্মিক হামলা চালায় আফগান বাহিনী।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পাকিস্তানও পাল্টা বিমান হামলা শুরু করে। নতুন করে আফগানিস্তানের হামলার পর সীমান্ত এলাকায় আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এর জেরে পাকিস্তান পুনরায় বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে উভয় দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাপ্রবাহ কোন দিকে মোড় নেয়, তা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে।