প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্দী আমিন।
সভায় স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠন ও কার্যাবলি তুলে ধরেন মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। তিনি উল্লেখ করেন, কর্মকর্তা-কর্মচারীরাও সরকারেরই অংশ এবং সরকারের সাফল্য অনেকাংশে তাদের সহযোগিতার ওপর নির্ভরশীল।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে আমাদেরই কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নির্বাচনী ম্যানিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। সে অনুযায়ী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়াসহ ম্যানিফেস্টোতে উল্লেখিত সব এজেন্ডা বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতি দূরীকরণে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা রক্ষা এবং সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় দেশকে একটি সুশৃঙ্খল ও উন্নত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।