দক্ষিণ ইরানে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলার ঘটনায় পাঁচ শিক্ষার্থীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সময় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে শহরে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা হয়েছে। এতে পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি।
এদিকে রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ইন্টারনেট সংযোগে বিঘ্ন ও যোগাযোগ ব্যবস্থায় সীমাবদ্ধতার কারণে সঠিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যাচ্ছে না। বিশ্লেষকদের ধারণা, এটি একটি ধারাবাহিক সামরিক অভিযানের অংশ হতে পারে।
অন্যদিকে ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে উত্তর ইসরায়েলে একটি নয়তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন। একটি অ্যাপার্টমেন্টে ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আইডিএফ জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়। সেনাবাহিনীর টেলিগ্রাম বিবৃতিতে বলা হয়েছে, “এই মুহূর্তে ইসরায়েলি বিমানবাহিনী হুমকি নিরসনের জন্য যেখানে প্রয়োজন সেখানে প্রতিহত ও হামলার অভিযান পরিচালনা করছে।” একই সঙ্গে জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা অনুসরণ করার আহবান জানানো হয়েছে।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এবং উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সর্বশেষ পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।