দোহার বাংলাদেশ দূতাবাস, দোহা কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে। কাতার-এ উদ্ভূত সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জরুরি পরিস্থিতির কথা বিবেচনা করে নগদ অর্থ, কাতার আইডি (কিউআইডি), হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবারসহ জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস সকলকে কাতারের প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, কাতার সরকার-এর জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট কোনো ছবি বা ভিডিও আপলোড না করার জন্য সতর্ক করা হয়েছে, কারণ তা দেশটির আইনের পরিপন্থি হতে পারে।
যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের দূতাবাসের হটলাইন নম্বর অথবা ইমেইল (mission.doha@mofa.gov.bd
)-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।