ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে ‘সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান’ শুরু করতে যাচ্ছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কয়েক মুহূর্তের মধ্যেই’ এই অভিযান শুরু হবে এবং তা অঞ্চলজুড়ে ‘দখলকৃত ভূখণ্ড ও আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে পরিচালিত হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর আইআরজিসি এই ঘোষণা দিলো।
শনিবার সকালে খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করলে ইরান বিষয়টি প্রথমে অস্বীকার করে। অবশেষে আজ সকালে দেশটি তাদের প্রধান ধর্মীয় নেতা নিহতের খবর নিশ্চিত করলে ইরানে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়।