ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। শনিবার রাতে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে হরমুজ প্রণালি সংলগ্ন এলাকায় অবস্থানরত জাহাজগুলো বারবার আইআরজিসি-এর পক্ষ থেকে সতর্কবার্তা পাচ্ছে। বার্তায় কৌশলগত এই প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানছে এমন প্রেক্ষাপটে সব জাহাজের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ এই হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হলো। বিশ্লেষকেরা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধের পদক্ষেপ তেলের দামের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক বার্তা জানিয়েছেন।