মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলাচলকারী সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার (১ মার্চ) বিমানবন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এয়ারফিল্ড ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন সাময়িকভাবে বন্ধ থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। আগমনী ৭টি ও বহির্গমণ ৩টিসহ মোট ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
আজ রোববার সকাল ৭টা ৩০ মিনিটে মাস্কাট থেকে চট্টগ্রামে সালাম এয়ার এর আগমনী ফ্লাইট ওভি-৪০১। একই উড়োজাহাজ সকাল ৮টা ৩০ মিনিটে ওভি-৪০২ নামে চট্টগ্রাম থেকে মাস্কাটের উদ্দেশ্যে পুনরায় যাত্রা করার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট দুটি বাতিল করা হয়। গতকাল শনিবারও একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছিল। বাতিল হওয়া বহির্গমন ফ্লাইটগুলোর মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর বিজি-১৪৭ ঢাকা-চট্টগ্রাম-দুবাই এবং বিজি-১৫১ ঢাকা-চট্টগ্রাম-শারজাহ। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনস এর বিএস-৩৩৩ ঢাকা-চট্টগ্রাম-দোহা ফ্লাইটও বাতিল করা হয়। অন্যদিকে আগমনী ফ্লাইটের মধ্যে বাতিল হয়েছিল এয়ার আরাবিয়া-এর জি৯-৫২০ শারজাহ-চট্টগ্রাম, ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪৪ দুবাই-চট্টগ্রাম এবং সালাম এয়ারের ওভি-৪০৩ মাস্কাট-চট্টগ্রাম ফ্লাইট।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলেও সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো অভ্যন্তরীণ ফ্লাইট সচল রাখতে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নতুন নির্দেশনা পাওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। যাত্রীদের অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্স বা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।