ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চারটি আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আরও চার প্রার্থী। সোমবার (২ মার্চ) এসব আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
বিচারপতি মো. জাকির হোসেন-এর একক হাইকোর্ট বেঞ্চে আবেদনগুলোর শুনানি হওয়ার কথা রয়েছে।
যেসব আসনের ফল চ্যালেঞ্জ করা হয়েছে সেগুলো হলো—রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪।
আবেদনকারী চার প্রার্থী হলেন—কুড়িগ্রাম-2 আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।
এর আগে রোববার বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনের প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিবের পৃথক আবেদনও শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগে দায়ের করা ‘নির্বাচনী আবেদন’ শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।