আজ ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস। মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গৌরবোজ্জ্বল এই দিনে ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কলাভবন প্রাঙ্গণের ঐতিহাসিক বটতলায় প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সেদিন পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসু ভিপি আ স ম আবদুর রব। সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্রখচিত সেই পতাকা ছিল বাঙালির স্বাধীনতার অঙ্গীকারের প্রতীক।
একাত্তরের অগ্নিঝরা মার্চের ওই দিনে দুপুরে ও রাতে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। যা ছিল স্বাধীনতার প্রত্যয় ঘোষণা এবং বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণের দৃঢ় প্রকাশ।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিয়াজ আহমেদ খান বলেন, জাতীয় পতাকা শুধু কাপড়ের টুকরো নয়; এটি জাতির পরিচয় নির্ধারণের প্রতীক এবং জাতীয় ঐক্যের শক্তিশালী বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, জাতীয় পতাকা জাতির ইতিহাসের এক গৌরবজনক প্রতীক। পতাকা দিবস জাতির জন্য ঐক্যবদ্ধ হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দেশের প্রতিটি সন্তানের জাতীয় পতাকার মর্যাদা, তাৎপর্য ও ইতিহাস সম্পর্কে জানা অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
সোমবার (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আয়োজিত অনুষ্ঠানে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন দিবস বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য স্মারক হিসেবে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে।