রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (০৩ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন। তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বৈঠকে অংশ নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা মূলত ঢাকা শহরের যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও কার্যকর করার উপায় নিয়ে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিস্থল সংস্কার ও উন্নয়ন বিষয়ে স্থপতিদের মতামতও নিয়েছেন। এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ-এর সঙ্গেও আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও। দ্রুত দৃশ্যমান পরিবর্তনের জন্য ১৮০ দিনের একটি কর্মসূচি অগ্রাধিকার হিসেবে নেওয়া হচ্ছে।
বুয়েটের অধ্যাপক শামসুল হক জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর মাধ্যমে গণপরিবহনকে সুশৃঙ্খল করা এবং নারী যাত্রীদের জন্য নিরাপদ ও সুবিধাজনক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হবে। নারীচালক নিয়োগের বিষয়টিও এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে।