পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট বাস কোম্পানির রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভা কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এই সভার আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, ঈদের সময় পরিবহন ভাড়া বেড়ে যাওয়ার প্রবণতা নতুন নয়। তবে এবার কোনোভাবেই বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ থাকবে না। সরকার নির্ধারিত ভাড়া রয়েছে, সেই ভাড়ার চেয়ে এক টাকা বেশি নিলেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে একটি টাকাও বেশি নিলে আমাদেরকে জানান। আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। যে কোনো মূল্যে এটি নিয়ন্ত্রণ করা হবে।
সভায় উপস্থিত পরিবহন মালিকরা অতিরিক্ত ভাড়া নেবেন না বলে আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।
এসি বাসের ক্ষেত্রে নির্ধারিত ভাড়া নেই এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, কোনো বাসই ইচ্ছেমতো ভাড়া নিতে পারে না। যাত্রীদের উচিত ভাড়া অনুমোদিত কি না তা যাচাই করা।
অতিরিক্ত ভাড়া নেওয়া হলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যদি অতিরিক্ত ভাড়া নেয়, তাহলে সেই বাস কোম্পানির রুট পারমিট বাতিল করা হবে। আর ভাড়া আদায়ের ক্ষেত্রে যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটে, তাহলে আইন অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, সরকার ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে কঠোর নজরদারি অব্যাহত রাখবে।