| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

  • আপডেট টাইম: 05-03-2026 ইং
  • 73090 বার পঠিত
বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন।

বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের করা আবেদনের শুনানির পর আদালত এ নির্দেশ দেন। কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হাসানুল আলম।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাগেরহাট-১ আসনে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। আসনটিতে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি।

ভোটের ফল প্রকাশের পর কিছু কেন্দ্রের ফলাফলের ওপর আপত্তি জানিয়ে কপিল কৃষ্ণ নির্বাচনী তদারকি সংক্রান্ত বিভিন্ন দপ্তরে গিয়েছিলেন। প্রতিকার না পেয়ে তিনি হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। আদালত শুনানি শেষে আজ পুনর্গণনার নির্দেশ দেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জয় পেয়েছেন জামায়াতের প্রার্থী। বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জয়ী হয়েছেন শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বিজয়ী হয়েছেন আব্দুল আলিম। বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪