আন্তর্জাতিক শিশু যৌন শোষণ ও পাচার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে ২০২২ সাল থেকে পলাতক থাকা বাংলাদেশি নাগরিক জোবাইদুল আমিনকে (২৮) গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। মালয়েশিয়া থেকে গ্রেপ্তারের পর তাকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে স্থানান্তর করা হয়েছে বলে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এ তথ্য জানান এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল ।
২০২২ সাল থেকে জোবাইদুল আমিনের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে শিশুদের যৌন শোষণের একটি বড় চক্র পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগের পর থেকেই তাকে গ্রেপ্তারে মার্কিন গোয়েন্দারা তৎপরতা শুরু করে বলে জানিয়েছে এফবিআই। কুয়ালালামপুর ও মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আত্মগোপনে থাকা জোবাইদুলকে এফবিআই গ্রেপ্তার করে তাকে যুক্তরাষ্ট্রের স্থানীয় আদালতে হাজির করেছে। অভিযোগ প্রমাণিত হলে জোবাইদুল আমিনের ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২ সালের জুলাইয়ে আলাস্কা অঙ্গরাজ্যের একটি গ্র্যান্ড জুরি জোবাইদুল আমিনের বিরুদ্ধে ১৩টি ধারায় অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ অনুযায়ী,সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট ব্যবহার করে শিশুদের শনাক্ত করে এরপর বিভিন্ন কৌশলে তাদের ওপর চাপ সৃষ্টি করে যৌনতার স্পষ্ট ছবি ও ভিডিও তৈরি করতে বাধ্য করতেন। তার এই অপরাধ শুধু আলাস্কায় সীমাবদ্ধ ছিল না। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ছাড়াও বিদেশের বিভিন্ন দেশে তার নেটওয়ার্ক বিস্তৃত ছিল।
মামলার নথিতে বলা হয়েছে, জোবাইদুল আমিনের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি তৈরি ও বিতরণের ষড়যন্ত্র, শিশু শোষণমূলক নেটওয়ার্ক পরিচালনা, সাইবারস্টকিং, পরিচয় জালিয়াতি এবং ওয়্যার জালিয়াতিসহ একাধিক ফেডারেল অভিযোগ আনা হয়েছে। এফবিআইয়ের অ্যাঙ্করেজ ফিল্ড অফিসের বিশেষ এজেন্ট ইনচার্জ অ্যান্টনি জাং বলেন, এই চক্রের মাধ্যমে শত শত শিশুকে লক্ষ্যবস্তু করে তাদেরকে ছবি পাঠাতে বাধ্য করা হতো এবং অস্বীকার করলে সেই ছবি প্রকাশ করার হুমকি দেওয়া হতো।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি এস লেইন টাকার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে শিশুদের যৌনশোষণ করা অত্যন্ত ভয়াবহ অপরাধ। এতে শিশুদের শৈশব ধ্বংস হয়ে যায় এবং তাদের পরিবারসহ পুরো জীবন দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনা কটি উদাহরণ হয়ে থাকবে যে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে কীভাবে অপরাধীদের বিচারের মুখোমুখি করা যায়। মালয়েশিয়ার একটি মেডিকেল স্কুলে পড়াশোনা করা জোবাইদুল আমিন ২০২২ সালে মালয়েশিয়াতেও শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক অভিযোগে অভিযুক্ত হন।