রাজধানীর যাত্রাবাড়ীতে মাদক কেনাবেচা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে রোববার (৮ মার্চ) রাত ১০টায় যাত্রাবাড়ী থানার পাশের একটি মাছের আড়তে মেহেদী হাসান অপু নামের এক যুবকের পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মেহেদী হাসান অপু কাজ করলেও দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা অথবা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। দুর্বৃত্তরা অপুর পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে,প্রাথমিকভাবে মাদক সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এলেও তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।