নারায়ণগঞ্জ শহরে দায়িত্বরত পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তার সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে গেছে। সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টায় বিবি রোডের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে পথে তিনজন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং সঙ্গে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে যায়।
নিতাইগঞ্জের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও এ এলাকাটি ছিনতাইপ্রবণ এলাকা হিসেবে পরিচিত এবং প্রায়ই সাধারণ পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার।