রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে চারটি রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত করেছে। সোমবার (৯ মার্চ) প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এবং একই সঙ্গে দুবাই ও আবুধাবি দুটি রুটে আগামী ১০ মার্চ পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটে বিমানের ফ্লাইট আপাতত অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা ব্যবহারের প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনাতেও। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যগামী একের পর এক ফ্লাইট বাতিল করছে বিভিন্ন এয়ারলাইনস। রোববারও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট প্রায় ৩০০টি ফ্লাইট বাতিল হলো।
কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, ইউএই ভিত্তিক এয়ারলাইনসের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৫টি, গালফ এয়ারের ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২টি, এমিরেটস এয়ারলাইনসের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের ২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।