রাজধানীর উত্তরায় ইফতারের ঠিক আগমুহূর্তে এক তৈরি পোশাক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে হেলমেট পরিহিত দুই মোটরসাইকেল আরোহী গুলি চালিয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ‘জান্নাত’ নামের বাড়িতে এই গুলির ঘটনায় হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ কে এস বি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাড়ির মালিক আবুল কাশেম একজন গার্মেন্টস ব্যবসায়ী। আত্মীয় সুত্রে জানা যায় সন্ধ্যার দিকে মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে গেটে দুটি গুলি করে পালিয়ে যায়। পরে বাড়ির সামনে থেকে আরও দুটি তাজা গুলি উদ্ধার করে পুলিশ।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হেলমেট পরিহিত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে প্রথমে বাড়িটি রেকি করে। এরপর সামনের রাস্তায় লোকজনের যাতায়াত কমে গেলে তারা ফিরে এসে গুলি ছোড়ে এবং পাশের গলি দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে ৭ নম্বর সেক্টরের ওই বাড়ির স্টিলের গেটে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গুলির খবরের পর বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করেছে।