ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সংসদ ভবন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। দায়িত্ব পালন করছেন পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
গতকাল এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়,সংসদ ভবন ও আশপাশের এলাকায় বুধবার রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য ক্ষতিকর দ্রব্য বহন নিষিদ্ধ করার পাশাপাশি যে কোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে সংসদের অধিবেশন উপলক্ষে সকাল ৮টা থেকে নির্দিষ্ট কিছু সড়কে যান চলাচলে ডাইভারশন কার্যকর করা হয়েছে, যা চলবে সকাল ১১টা পর্যন্ত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীকে যানজট এড়াতে নির্ধারিত সময়ে কিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়ে বলেছে,ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণির দিকে যাওয়া যানবাহন ডানে মোড় নিতে পারবে না। এসব যানবাহনকে সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে যেতে হবে। এ ছাড়া মানিক মিয়া এভিনিউ থেকে খেজুরবাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বাঁয়ে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে যেতে হবে। উড়োজাহাজ মোড় থেকে খেজুরবাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে।