রাজধানীর খিলক্ষেতে একটি বহুতল ফাইভ স্টার হোটেলের নিচতলায় এসির কাজ করার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে আহত অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহতদের সহকর্মী মো. ইমরান জানান, সকালে খিলক্ষেতের একটি বহুতল ফাইভ স্টার হোটেলের নিচতলায় এসির কাজ করার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে ঘটনাস্থলেই চারজন দগ্ধ হন। হোটেলের স্টাফ মনসুর আলীর শরীরের ২১ শতাংশ, আব্দুল মতিনের ৫ শতাংশ, মাহির ৫ শতাংশ এবং আব্দুল জলিলের ৭ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান। দগ্ধদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।