| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

  • আপডেট টাইম: 15-03-2026 ইং
  • 56741 বার পঠিত
সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদের আকাশে এসব হামলার বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রোববার ( ১৫ মার্চ ) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রিয়াদ মহানগর এলাকায় প্রবেশের আগেই চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলেও দাবি করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরব বারবার ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এসব হামলার লক্ষ্য হিসেবে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, সামরিক ঘাঁটি এবং জনবসতিপূর্ণ এলাকাগুলোকে বেছে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

এ পর্যন্ত এসব হামলায় সৌদি আরবে অন্তত দুইজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।


এদিকে সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, ঘাঁটিটিতে ১০টি ক্ষেপণাস্ত্র ও অজ্ঞাত সংখ্যক ড্রোন নিক্ষেপ করা হয়েছে। তবে এ হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে ইরানের হামলার প্রেক্ষাপটে ইসরায়েলেও হতাহতের ঘটনা বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে অনেকেই সরাসরি ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র বা লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে আহত হয়েছেন। এছাড়া নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়ির কারণেও অনেকের আঘাত পাওয়ার ঘটনা ঘটেছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে রোববার সকাল পর্যন্ত সংঘাতের জেরে মোট ৩ হাজার ১৯৫ জন মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বর্তমানে ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: আল জাজিরা, এএফপি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪