প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে নতুন দায়িত্ব হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি একইদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডা. জাহেদ নিজেই প্রকাশ করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি এবং ৪ মার্চ পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণের দায়িত্ব ও দফতর বণ্টন/পুনঃবণ্টন করা হয়েছিল। এরপর প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ডা. জাহেদ উর রহমানের দায়িত্ব পুনঃবণ্টন করা হয়েছে। আগের দুটি প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এর আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডা. জাহেদ তাদের মধ্যে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন।