পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় নির্বাচন কমিশনকে লক্ষ্য করে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের উদাহরণ ভারতের কমিশনকে শেখার মতো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে সবাই ভেবেছিল সহিংসতা হবে, কিন্তু নির্বাচন সম্পন্ন হলো শান্তিপূর্ণভাবে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভারত একটি গণতান্ত্রিক দেশ হলেও নির্বাচন কমিশন ‘হুমকি সংস্কৃতির’ মাধ্যমে গণতন্ত্রকে ক্ষুণ্ণ করছে। তিনি সাতজন বরখাস্ত নির্বাচন আধিকারিকের প্রসঙ্গ টেনে প্রশ্ন করেন, ইআরও-দের সাসপেন্ড করার কারণ কী? তাদের অপরাধ কোথায়?
তৃণমূলের সমর্থন পাওয়া কর্মকর্তাদের কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করে মমতা বলেন, ওরা কাজ করেছে, নির্বাচনের পাশাপাশি অন্যান্য কাজেও নিয়োজিত ছিল। শাস্তি দেওয়ার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।
এরপর রাজ্যের বিজেপি নেতা এবং আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল মমতার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের নির্বাচনের ফলাফলে খুশি হয়েছেন কারণ তিনি জামায়াতের “বি-টিম” চালাচ্ছেন। এছাড়া বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী মন্তব্য করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী SIR প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়মিতভাবে পরিচালিত হয়, এবং তৃণমূল পরাজয় এড়ানোর জন্য অনুপ্রবেশের পক্ষে কাজ করছে।
এই মন্তব্যগুলি নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। সূত্র: এনডিটিভি