পবিত্র রমজান মাস শুরুর আগে ইসরায়েলি পুলিশ সোমবার আল-আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে মসজিদ প্রাঙ্গণ থেকে গ্রেফতার করেছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, কোনও নির্দিষ্ট কারণ উল্লেখ না করেই তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনা ঘটে এমন সময় যখন ইসরায়েল আল-আকসা মসজিদ সংলগ্ন অঞ্চলে নানা পদক্ষেপ জোরদার করেছে এবং মসজিদের ইমাম, খতিব ও মুসল্লিদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস মঙ্গলবার এক বিবৃতিতে গ্রেফতারের ঘটনা নিন্দা জানিয়ে বলেছে, এটি আল-আকসা মসজিদে প্রকাশ্য হস্তক্ষেপ এবং ইমামদের ওপর অগ্রহণযোগ্য আক্রমণের অংশ। হামাস আরও উল্লেখ করেছে, মসজিদটির নিয়ন্ত্রণ ও ইহুদিকরণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে মুসল্লিদের প্রবেশে বিধিনিষেধ, রমজান প্রস্তুতিতে বাধা, এবং বসতি স্থাপনকারী গোষ্ঠীর অভিযান বৃদ্ধি করা হচ্ছে।
হামাস ফিলিস্তিনিদের আল-আকসায় অবস্থান অব্যাহত রাখার আহবান জানিয়েছে এবং মসজিদে নামাজ আদায় চালিয়ে যাওয়া ও মসজিদের পরিচয় রক্ষার জন্য প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছে।
সূত্র: আনাদোলু।