ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের বিশাখাপত্তমে আয়োজিত আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশসহ ৭০টি দেশের নৌবাহিনী। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশের নৌবাহিনী নিজেদের ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’-কে এই মহড়ার অংশ করতে ১৬ ফেব্রুয়ারি সোমবার পৌঁছে গিয়েছিল ভারতে।
বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড-সহ ৭০টি দেশ তাদের একটি বা একাধিক যুদ্ধজাহাজ নৌ মহড়ায় পাঠিয়েছিল। ইন্দোনেশীয় নৌবাহিনীর ফ্রিগেট যুদ্ধজাহাজ কেআরআই বুং তোমো-৩৫৭ এবং সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধাজাহাজ আল ইমারাত মহড়ায় অংশ নিয়েছে। মহড়ায় আইএনএস বিক্রান্ত ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিত্ব করেছে।
দ্রৌপদী মুর্মু তার বক্তব্যে বলেন, “এই মহড়া আসলে সামুদ্রিক ঐতিহ্যের প্রতি বিভিন্ন দেশের আস্থা, ঐক্য এবং শ্রদ্ধার প্রতিফলন। ভিন্ন ভিন্ন পতাকাবাহী এসব জাহাজ এবং ভিন্ন দেশের নৌ সেনারা ঐক্যের চেতনাকে তুলে ধরছে। আমাদের এ মহড়ার থিম সামুদ্রিক ঐক্য। সম্মিলিত এ নৌবাহিনীর সংকল্প সব বাধাকে অতিক্রম করে যেতে পারে। এটি বিশ্ব সম্প্রদায়ের কাছে একটি ইতিবাচক বার্তা।'
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আন্তর্জাতিক সমুদ্র নীতিতে ভারতের অবস্থান ব্যাখ্যা করে বলেন,‘‘সমুদ্রে শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতা বজায় রাখতে ভারত ‘বিশ্ব পরিবার’ নীতিতে বিশ্বাস করে।