ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর জেলায় নিজেদের বিয়ের দিন দুই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার যোধপুরের মানানি গ্রামের বাসিন্দা শোভা (২৫) ও বিমলা (২৩) দুই বোনের বিয়ে হওয়ার কথা ছিল। শুক্রবার হঠাৎ করে গভীর রাতে তাদের শারীরিক অবস্থা খারাপ হলে পরিবারের সদস্যরা দ্রুত তাদের যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন যোধপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার (পশ্চিম) রোশন মীনা। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদনের অপেক্ষায় থাকা রোশন মীনা বলেন, তারা বিষাক্ত কিছু খেয়েছিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃতদেহের পাশ থেকে কোন সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।