নেপালের ধাদিং জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস নদীতে উল্টে পড়ে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। রোববার গভীর রাতে গাজুরি এলাকায় ত্রিশুলি নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নেপালের আধা সামরিক বাহিনী আর্মড পুলিশ ফোর্সের মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভাট্টা বার্তা সংস্থা এএফপিকে জানান, বাসটিতে মোট ৪৬ জন যাত্রী ছিলেন। বাসটি পর্যটন নগরী পোখরা থেকে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছিল। পৃথ্বী হাইওয়ে দিয়ে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের নদীতে পড়ে যায়। স্থানীয় সময় রাত প্রায় ১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই নেপালের সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স ও নিয়মিত পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নদী ও দুর্ঘটনাকবলিত বাস থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় ২৮ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে নিউজিল্যান্ডের একজন পুরুষ নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে জাপান ও নেদারল্যান্ডসের দুই নারী নাগরিক আছেন বলে জানা গেছে। তারা পর্যটক হিসেবে নেপাল ভ্রমণে এসেছিলেন।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বাসটির অতিরিক্ত গতি দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে।