পাক-আফগান সীমান্তের ডুরান্ড লাইনে পাকিস্তানি সেনাচৌকিতে হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। ‘অপারেশন গজব-লিল হক’ নামে এই অভিযানের ঘোষণা দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আপনাদের সঙ্গে আমাদের কেবল যুদ্ধ হবে।”
এর কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশে আফগান সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)।
আজ শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে এক্সে পোস্ট করা বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ–এর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান, রাত ৩টা ৪৫ মিনিট থেকে পিএএফ ও স্থলবাহিনী যৌথভাবে অভিযান শুরু করে। অভিযানে কাবুল, পাকতিয়া ও কান্দাহারের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
পাকিস্তানের দাবি, অভিযানে কাবুল, পাকতিয়া ও কান্দাহারে ২৭টি সেনাচৌকি ধ্বংস এবং ৯টি চৌকি দখল করা হয়েছে। এছাড়া আফগান বাহিনীর দুটি সেনা সদরদপ্তর, তিনটি ব্রিজ হেডকোয়ার্টার, দুটি গোলাবারুদ ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন সদরদপ্তর ও দুটি সেক্টর সদরদপ্তর ধ্বংস হয়েছে। পিএএফের বোমাবর্ষণে ৮০টির বেশি ট্যাংকসহ বিপুল পরিমাণ আর্টিলারি ও সাঁজোয়া যান ধ্বংসের দাবি করা হয়েছে।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। সে সময় ৮০ জনের বেশি মানুষ নিহত হন। পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর) জানায়, নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ঘাঁটি লক্ষ্য করেই ওই অভিযান চালানো হয়েছিল এবং নিহতরা সবাই টিটিপির যোদ্ধা।
তবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ দাবি করেন, জঙ্গি ঘাঁটি নয়, বেসামরিক লোকালয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এর বদলা আমরা নেবো।”
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী ডুরান্ড লাইনে অবস্থিত পাক সেনাচৌকিতে অতর্কিত হামলা চালানো হয়। এতে কয়েকজন পাকিস্তানি সেনা নিহত ও কয়েকজন অপহৃত হন বলে জানা গেছে। তালেবান পক্ষ দাবি করেছে, নাইট ভিশন ও লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে।
সীমান্তে ওই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে পাকিস্তান।
সূত্র: ডন, এনডিটিভি।