সীমান্তে হামলা চালিয়ে পাকিস্তানি সেনাদের হত্যা ও কয়েকজনকে অপহরণের ঘটনার জেরে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ নামে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। দেশটির বিমান বাহিনী ও স্থলবাহিনীর যৌথ অভিযানে ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে।
শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি ) ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি এ তথ্য জানান। তিনি বলেন, রাত ৩টা ৪৫ মিনিট থেকে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) ও আর্মি আফগানিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
একাধিক সামরিক স্থাপনায় হামলার দাবি
মোশাররফ জাইদির দাবি অনুযায়ী, অভিযানের অংশ হিসেবে রাজধানী কাবুল ছাড়াও পাকতিয়া প্রদেশ এবং কান্দাহার প্রদেশ-এর বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তিনি আরও জানান, কাবুল, পাকতিয়া ও কান্দাহারে ২৭টি সেনাচৌকি ধ্বংস এবং ৯টি চৌকি দখল করেছে পাকিস্তানের আর্মি। পাশাপাশি আফগান সেনাবাহিনীর দুটি সেনা সদর দপ্তর, তিনটি ব্রিগেড হেডকোয়ার্টার, দুটি গোলাবারুদের ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, দুটি সেক্টর হেডকোয়ার্টার, ৮০টিরও বেশি ট্যাংক এবং বিপুলসংখ্যক আর্টিলারি ও সাঁজোয়া যান ধ্বংসের দাবি করা হয়েছে।
পিএএফের হামলায় অন্তত ১৩৩ জন আফগান সেনা নিহত এবং আরও দুই শতাধিক আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়।
পূর্ববর্তী হামলা ও পাল্টা প্রতিক্রিয়া
গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার প্রদেশ এবং পাকতিয়া প্রদেশের বিভিন্ন এলাকায় পাকিস্তান বিমান বাহিনীর বোমাবর্ষণে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হন। সে সময় পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর) দাবি করেছিল, নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ঘাঁটি লক্ষ্য করেই ওই অভিযান পরিচালিত হয়েছিল।
তবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, জঙ্গি ঘাঁটি নয়, বরং বেসামরিক লোকালয়ে হামলা চালানো হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এর বদলা আমরা নেবো।”
ডুরান্ড লাইনে উত্তেজনা
গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় অবস্থিত পাক সেনাচৌকিগুলোর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে কয়েকজন পাকিস্তানি সেনা নিহত ও কয়েকজন অপহৃত হন বলে জানা গেছে।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে দাবি করেন, আফগান সেনারা নাইট ভিশন ও লেজার-নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে এ হামলা চালিয়েছে।
সীমান্তে এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে পাকিস্তান, যা দুই দেশের মধ্যে উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে।
সূত্র: জিও নিউজ, ডন