গত সপ্তাহে আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বিমান হামলার জেরে পাল্টা আঘাত হেনেছে আফগানিস্তান। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন স্থানে অতর্কিত হামলা চালানো হয় বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।
আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম X-এ এক পোস্টে দাবি করেন, তীব্র সংঘর্ষে পাকিস্তানি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, “আমাদের বাহিনী পাকিস্তানি সেনাদের ওপর কঠোর আঘাত হেনেছে। তাদের অনেক সেনা নিহত হয়েছে এবং কিছু সেনাকে জীবিত আটক করা হয়েছে।”
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার রাত থেকেই সীমান্ত এলাকায় তীব্র সংঘর্ষ শুরু হয়। গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার জবাব হিসেবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়। সংঘর্ষের সময় সীমান্তজুড়ে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে বলেও জানানো হয়।
আফগান কর্তৃপক্ষের দাবি, হামলার সময় পাকিস্তানের অন্তত ৪০টি সীমান্ত চৌকি দখল করা হয়েছে এবং অসংখ্য সেনা নিহত হয়েছে।
অন্যদিকে পাকিস্তানও পাল্টা দাবি করেছে যে, আফগানিস্তানের বিপুল সংখ্যক সেনা নিহত হয়েছে এবং তাদের বেশ কয়েকটি সীমান্ত চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে।
এ ঘটনার ফলে দুই দেশের সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এখনো স্বাধীনভাবে কোনো পক্ষের দাবি যাচাই করা সম্ভব হয়নি।