| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় সংসদ নির্বাচন: সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে এক লাখ সেনা মোতায়েন

  • আপডেট টাইম: 05-02-2026 ইং
  • 103234 বার পঠিত
জাতীয় সংসদ নির্বাচন: সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে এক লাখ সেনা মোতায়েন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সারা দেশে এক লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। এবারই প্রথম ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত সেনাবাহিনীর টহলের অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মনজুরুল ইসলাম।

তিনি জানান, আগের নির্বাচনগুলোতে সর্বোচ্চ ৪০ থেকে ৪২ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছিল। তবে এবারের নির্বাচনে সদস্য সংখ্যা বাড়িয়ে এক লাখ করা হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, এবার সেনাবাহিনীকে ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি দেওয়া হয়েছে, যা আগের কোনো নির্বাচনে ছিল না। আগে সেনাবাহিনী মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী স্থানে অবস্থান করত।

ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মনজুরুল ইসলাম বলেন, সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন—এই লক্ষ্যেই সেনাবাহিনী প্রধান প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, সেনাবাহিনীর যানবাহনের সীমাবদ্ধতার কারণে অসামরিক প্রশাসনের কাছে সহায়তা চাওয়া হয়েছে। সেখান থেকেও পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় প্রয়োজনে গাড়ি ভাড়া করেও সেনা সদস্যদের টহল কার্যক্রম চালু রাখা হচ্ছে।

তিনি জানান, ভোটারদের আস্থা ফিরিয়ে আনতেই সেনা সদস্যরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে টহল পরিচালনা করছেন। এই কার্যক্রম আরও জোরদার করা হয়েছে গত ২০ জানুয়ারি থেকে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪