নাটক ‘প্রেমাতাল’ প্রেম, অভিমান, নাটকীয়তা আর নৃশংসতার এক সংমিশ্রণ নিয়ে নির্মিত হয়েছে এ বিশেষ নাটক। তবে এই গল্পটি শুধু প্রেমের নয়, এক অনন্ত অপেক্ষার। আসন্ন ঈদে সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি ।
এক মা এবং সদ্যবিবাহিত স্ত্রী এক অনিশ্চিত সময়ের মুখোমুখি। প্রিয় মানুষটি বেঁচে আছে নাকি মারা গেছে, সেটিও তাদের জানা নেই। গল্পের মূল চরিত্র নিখোঁজ হওয়ার পর এমন এক হৃদয়স্পর্শী প্রেক্ষাপটে সাজানো হয়েছে এবারের ঈদের এই বিশেষ নির্মাণ। নির্মাতা হাসিব হোসাইন রাখি পরিচালিত সুমন হোসাইনের চিত্রগ্রহণে নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা।
নির্মাতা রাখি নাটকটির গল্প নিয়ে আগাম কোনো আভাস না দিয়ে জানিয়েছেন, এটি এক মায়ের ছেলের জন্য এবং একই সাথে এক স্ত্রীর স্বামীর জন্য অপেক্ষার গল্প। অনেক গভীর আবেগ ও নাটকীয়তা মিশে আছে এই অপেক্ষার আবহে। প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু নাটকটির প্রত্যাশা ব্যক্ত করে জানান, বর্তমান সময়ে এমন গভীর গল্পের চিত্রনাট্য পাওয়া বেশ কঠিন।