জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা এবং আরও একজনের হত্যার মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় পড়া শুরু হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি রায়ের কার্যক্রম প্রচার করা হচ্ছে।
বৃহস্পতিবার ( ০৫ ফেব্রুয়ারি ) দুপুর ১২টা ৫০ মিনিটে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় পড়া শুরু করেন। প্যানেলের অপর দুই সদস্য হচ্ছেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এই মামলায় গ্রেফতার করা আট আসামিকে দুপুর ১২টা ২৫ মিনিটে ট্রাইব্যুনালের কাঠগড়ায় তোলা হয়। উপস্থিত ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা, যারা মামলার প্রধান আসামি। এছাড়া পলাতক রয়েছেন আরও আট আসামি, যাদের মধ্যে ঢাকা-১৯ আসনের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম এবং ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম রয়েছেন।
মামলায় মোট ১৬ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। ঘটনার সময় সাতজন নিহত হন, তারা হলেন সাজ্জাদ হোসেন সজল, আস সাবুর, তানজিল মাহমুদ সুজয়, বায়োজিদ বোস্তামী, আবুল হোসেন, ওমর ফারুক এবং মোহাম্মদ শাহাবুল ইসলাম।
বিচার প্রক্রিয়া গত বছরের ২১ আগস্ট শুরু হয়। অভিযোগ গঠনের সময় উপস্থিত আট আসামির সাতজনই নিজেদের নির্দোষ দাবি করেন, তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন। প্রসিকিউশন ৩১৩ পৃষ্ঠা ও ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণাদি ও দুটি পেনড্রাইভ আদালতে দাখিল করে।
রায়ের জন্য ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা সক্রিয় রয়েছেন।