ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পৃথক দুই মামলার রায় আজ ঘোষণা করা হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করবেন।
এই দুই মামলায় শেখ হাসিনার পাশাপাশি তার ছোটবোন শেখ রেহানার তিন সন্তান—টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ মোট ২২ জন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।
মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে রাজধানীতে বাড়ি, ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার বিষয়টি গোপন করেন। এর মাধ্যমে প্লট বরাদ্দের ক্ষেত্রে প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও আইনানুগ প্রক্রিয়া লঙ্ঘন করা হয়।
অভিযোগপত্রে আরও বলা হয়, ক্ষমতায় থাকাকালীন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা তার প্রভাব খাটিয়ে এবং জালিয়াতির মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে একাধিক প্লট বরাদ্দ নেন। পরবর্তীতে এসব প্লট তিনি শেখ রেহানার সন্তানদের নামে হস্তান্তর করেন। এ ক্ষেত্রে রাজউকের বিদ্যমান বিধিনিষেধও অমান্য করা হয়েছে বলে মামলায় উল্লেখ রয়েছে।
এই মামলাগুলোতে শেখ হাসিনার পরিবারের সদস্যদের পাশাপাশি রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাও আসামি। মামলার ২২ আসামির মধ্যে বর্তমানে ২১ জন পলাতক রয়েছেন।
এর আগে প্লট দুর্নীতির চারটি মামলায় শেখ হাসিনাকে মোট ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। চলমান এই দুই মামলাতেও দুদকের আইনজীবীরা সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৩ ও ১৮ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ পৃথক আদেশে এই দুই মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।