আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে বাংলাদেশ নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা সদর নৌবাহিনী কন্টিনজেন্ট পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ভোলায় নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকা ও বিভিন্ন ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রেস ব্রিফিংয়ে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, সাধারণ জনগণ যেন নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নৌবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতিও সম্পন্ন করা হচ্ছে।
তিনি আরও জানান, স্থলপথে যানবাহন টহলের পাশাপাশি নৌপথে পর্যাপ্ত সংখ্যক বোট এবং সংশ্লিষ্ট এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি দক্ষতা ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বতোভাবে প্রস্তুত রয়েছে।
নৌবাহিনীর সহকারী প্রধান বলেন, নির্বাচন যেন একটি উদাহরণমূলক ও দৃষ্টান্তমূলক নির্বাচন হিসেবে বিবেচিত হয়, সে লক্ষ্যে নৌবাহিনী স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে যাচ্ছে। তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সক্রিয় ভূমিকা ও সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার, নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে।